‘আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর’ কবিতাটির মূলভাব হলো গ্রামীণ জীবনের সহজ, সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজের বর্ণনা। কবি বন্দে আলী মিঞা এই কবিতায় একটি আদর্শ গ্রামের চিত্র তুলে ধরেছেন যেখানে সবাই মিলেমিশে থাকে, ছোটো ছোটো ঘরে তাদের বসবাস, কেউ পর নয়। এখানে হিংসা-বিদ্বেষ নেই, সবাই মিলেমিশে খেলাধুলা করে, স্কুলে যায় এবং শিক্ষক-অভিভাবকদের শ্রদ্ধা করে। এই গ্রামটি প্রকৃতির এক সুন্দর রূপ, যেখানে সূর্যোদয় হয়, পাখি গান গায়, বাতাস বয় এবং নানা ফুল ফোটে, যা গ্রামটিকে আরও মনোরম করে তোলে।
'আমি কোনো আগন্তুক নই' কবিতায় 'কার্তিক' মাসের উল্লেখ আছে।
'সর্বত্র থাকা' বলতে কবি সমগ্র বাংলা ভূখণ্ডে তাঁর অবস্থানকে বুঝিয়েছেন।
কবি বাংলার সন্তান, বাংলা ভূখণ্ডের সবুজ শ্যামলিমায় তাঁর জন্ম। এখানে তিনি শৈশব, কৈশোর আর যৌবন কাটিয়েছেন। এ মাটিতে কবির সত্তা মিশে আছে। প্রকৃতির গাছপালা কবিকে চেনে, মাছ শিকারি মাছরাঙা কবিকে চেনে। কদম আলী আর জমিলার মা চেনে। 'সর্বত্র থাকা' বলতে কবি কোনো নির্দিষ্ট স্থান বা গ্রামকে বোঝাননি; বরং সমগ্র বাংলাকে বুঝিয়েছেন। কারণ তিনি বাংলার সন্তান, তাই সমগ্র বাংলাই কবির অধিকারে।
উদ্দীপক ও 'আমি কোনো আগন্তুক নই' কবিতার অমিলটুকু হচ্ছে- উদ্দীপকটি যেখানে গ্রামে মিলেমিশে থাকার সৌন্দর্য দেখায়, কবিতাটি সেখানে জন্মভূমির প্রতি ব্যক্তিগত মমতার কথা বলে।
'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি ঘোষণা করেন- তিনি এই গ্রামের মাটি, গাছ, ধান, পুকুর, পাখি এবং মানুষের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। গ্রামের প্রকৃতি, বাতাস, ধানের মঞ্জরি, জোনাকি থেকে শুরু করে বৃদ্ধ কদম আলী কিংবা জমিলার মা- সবাই তাঁকে চেনে। তিনি এই ভূখণ্ডেরই আত্মীয়, শেকড়বদ্ধ এক স্বজন।
উদ্দীপকে গ্রামের যাপিত জীবনের সমষ্টিগত সরলতা ও সামাজিক ঐক্যের চিত্র ফুটে ওঠে। এখানে সবাই মিলেমিশে থাকে, গ্রাম যেন একটি সুখী পরিবারের প্রতিচ্ছবি। অন্যদিকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় দেখানো হয়েছে কবির নিজস্ব অস্তিত্ব-অনুভূতি ও আবেগ। কবি বারবার বলেছেন, তিনি কোনো আগন্তুক নন, এই মাটিই তাঁর শেকড়। উদ্দীপকের গ্রামীণ চিত্র যেখানে ঐক্যবদ্ধ সামাজিক পরিবেশকে তুলে ধরে, সেখানে আলোচ্য কবিতাটির প্রত্যেক লাইনে ছড়িয়ে আছে গ্রামকে কেন্দ্র করে কবির স্মৃতি, পরিচয় ও আবেগনির্ভরতা। তাই বলা যায়, উদ্দীপক ও 'আমি কোনো আগন্তুক নই' কবিতা উভয়ের ভাবের সাদৃশ্য থাকলেও লক্ষ্য ও কেন্দ্রবিন্দুতে স্পষ্ট অমিল রয়ে গেছে।
বক্তব্য বিষয়ের দিক থেকে বলা যায়, উদ্দীপকটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার আংশিক সাদৃশ্য তৈরি করলেও কবিতার মূল আত্মপরিচয়ের গভীরতা পুরোপুরি প্রতিফলিত করে না।
'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি তাঁর জন্মভূমির সঙ্গে আত্মিক সংযোগের ঘোষণা দেন। গ্রামের পুকুর, ধান, বৃক্ষ, জোনাকি, বৃদ্ধ মানুষ, রান্নাঘর- সবই তাঁর পরিচিত। তিনি এই ভূমির সন্তান, তাই তাঁর অস্তিত্বও মাটির সুবাসে মিশে আছে।
উদ্দীপকে গ্রামের প্রকৃতি, ঘর, মানুষ মিলেমিশে থাকার আদর্শ জীবনচিত্র আছে, যা গ্রামীণ পরিচয়ের একটি বাস্তব রূপ প্রকাশ করে। 'আমি কোনো আগন্তুক নই' কবিতায়ও গ্রামের উপাদান উপস্থিত, তবে উদ্দেশ্য ভিন্ন- এখানে একজন মানুষের অস্তিত্ব, স্মৃতি, শেকড়বদ্ধতা এবং 'আমি এখানকারই' এই পরিচয়ের দৃঢ় ঘোষণা করা হয়েছে। উদ্দীপকটি যেখানে সামষ্টিক গ্রামের জীবন দেখায়; কবিতা সেখানে দেখায় ব্যক্তিক আত্মপরিচয় ও আবেগ।
উদ্দীপকটি গ্রামীণ জীবনের সৌন্দর্য ও মিলনাত্মক পরিবেশ তুলে ধরলেও 'আমি কোনো আগন্তুক নই' কবিতার গভীরতম ভাব-জন্মভূমির সঙ্গে কবি তথা ব্যক্তির আত্মিক একাত্মতার বোধ পরিপূর্ণভাবে ফুটে ওঠে না। এ কবিতার মধ্যে জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের ও অবিচ্ছেদ্য সম্পর্ক তুলে ধরা হয়েছে। জন্মভূমির কাছে মানুষ কখনো আগন্তুক হয় না। জন্মভূমির আকাশ, জমিনের ফুল, জোনাকি, পুকুর, মাছরাঙা সবকিছুর সাথে মানুষের থাকে আত্মার বন্ধন। জন্মভূমির প্রতিটি মানুষ হয়ে ওঠে চিরচেনা স্বজন। কবিতার এই বিষয়টি উদ্দীপকের মধ্যে অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপক ও 'আমি কোনো আগন্তুক নই' কবিতা উভয়ের মধ্যে পরিবেশগত মিল থাকলেও আবেগ, লক্ষ্য ও দৃষ্টিকোণে স্পষ্ট পার্থক্য লক্ষ করা যায়।
