| ㅤ | A. Nayan29 Oct 2026 (2 hours ago) |
সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০১৭ – যৌক্তিক বিভাগ, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ২
একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে কোনো জাতিকে (Genus) তার অন্তর্ভুক্ত বিভিন্ন উপজাতিতে (Species) বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ (Logical Division) বলে ।
ক্ষুদ্রতম উপজাতির কোনো নিম্নতর উপজাতি থাকে না বিধায় এর যৌক্তিক বিভাগ সম্ভব নয় ।
যৌক্তিক বিভাগের উপজাতি হলো শ্রেণিবাচক পদ। এ জাতীয় পদকে বিভক্ত করলে একক ব্যক্তি বা বস্তু পাওয়া যায়। যৌক্তিক বিভাগের নিয়মানুযায়ী যেহেতু একক ব্যক্তি বা বস্তুর বিভাজন করা যায় না, তাই ক্ষুদ্রতম উপজাতিকেও বিভক্ত করা যায় না। যেমন: ‘মানুষ’ হচ্ছে একটি সর্বনিম্ন বা ক্ষুদ্রতম উপজাতি। কারণ একে বিভক্ত করলে সুমন, জামাল, সেলিম প্রভৃতি ব্যক্তি বিশেষকে পাওয়া যায়। তাই ক্ষুদ্রতম উপজাতি হিসেবে ‘মানুষ’ পদকে যৌক্তিকভাবে বিভক্ত করা সম্ভব নয়।
ছক-১ এ উল্লম্ফন বিভাগ অনুপপত্তি (Fallacy of Division by Leap) ঘটেছে।
যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়মানুযায়ী সর্বোচ্চ পদ বা জাতির (Genus) বিভক্তকরণে তার মধ্যবর্তী স্তর বা উপজাতি (Species) বাদ দেওয়া যাবে না। এ নিয়ম লঙ্ঘন করলে উল্লম্ফন বিভাগ নামক যুক্তিদোষ ঘটে। যেমন- ‘প্রাণী’ জাতিকে বিভক্ত করতে গিয়ে 'মানুষ' উপজাতি উল্লেখ না করে 'সভ্য' ও 'অসভ্য' উপজাতিতে বিভক্ত করলে উল্লম্ফন বিভাগজনিত অনুপপত্তি ঘটবে।
ছক-১ এ উল্লিখিত ‘জীব’ জাতিকে ‘শিক্ষিত মানুষ' ও 'অশিক্ষিত মানুষ' উপজাতিতে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ মধ্যবর্তী স্তর হিসেবে ‘মানুষপদটি বাদ পড়েছে। এ কারণে ছক-১ এ উল্লম্ফন বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।
ছক-১ ও ছক-২ এর বিভাজন প্রক্রিয়া যৌক্তিক বিভাগের সাথে সাদৃশ্যপূর্ণ। তবে এর মধ্যে ছক-১ এর বিভাজন প্রক্রিয়া ভ্রান্ত হলেও ছক-২ এর প্রক্রিয়া সঠিক।
একটি নীতি বা সূত্রের ওপর ভিত্তি করে কোনো শ্রেণিকে তার অন্তর্গত উপশ্রেণিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। সাধারণত বিভক্ত উপশ্রেণি দুটির মধ্যে একটিতে সূত্রের ঐ বিশেষ গুণটি বিদ্যমান থাকে । আর অন্যটিতে বিশেষ গুণটি অনুপস্থিত থাকে। যেমন- ছক-২ এ বর্ণিত মানুষ পদকে 'সভ্যতার' ভিত্তিতে সভ্য মানুষ ও অসভ্য মানুষে বিভক্ত করা হয়েছে। এ বিভক্তকরণে যৌক্তিক বিভাগের ছয়টি নিয়মই অনুসরণ করা হয়েছে । তাই এটি একটি শুদ্ধ যৌক্তিক বিভাগ I
আমরা জানি, যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম অনুসারে ক্রমিক বিভাজনের ক্ষেত্রে প্রতিটি জাতিকে তার নিকটতম উপজাতিতে ভাগ করতে হবে। মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দিয়ে যৌক্তিক বিভাগ করা যাবে না।' কিন্তু ছক-১ এ মানুষ পদকে বাদ দিয়ে ‘জীব' জাতিকে ‘শিক্ষিত মানুষ' ও ‘অশিক্ষিত মানুষ' পদে বিভক্ত করা হয়েছে। এ কারণে ছক-১ এর দৃষ্টান্ত হলো ভ্রান্ত যৌক্তিক বিভাগ। যা উল্লম্ফন বিভাগজনিত অনুপপত্তি হিসেবে পরিগণিত।
পরিশেষে বলা যায়, যৌক্তিক বিভাগে একটিমাত্র মূলসূত্র অনুসরণ করে পদের বিভাগায়ন করা যায়। এ বিভাগায়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ পদের মধ্যবর্তী স্তর বাদ দেওয়া যায় না। কিন্তু ছক-১ এ এই নিয়মটি লঙ্ঘন করা হয়েছে। এ কারণেই ছক-১ ও ছক-২ এর বিভাজন প্রক্রিয়ায় ভিন্নতা লক্ষণীয়