| ㅤ | A. Nayan16 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘আধুনিক রাজনৈতিক ব্যবস্থায়…’ হলিক্রস কলেজ ২০২৬ – জনসেবা ও আমলাতন্ত্র, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)

আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় আমলাতন্ত্র একটি অপরিহার্য অঙ্গ। রাকিব একজন আমলা। তবে তিনি সৎ, দক্ষ ও কর্মঠ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছেন। অন্যান্য আমলাদের মতো তিনি নিজেকে জনগণের প্রভু না ভেবে তাদের সেবক বা প্রজাতন্ত্রের অনুগত কর্মকর্তা মনে করেন। তার টেবিলে ফাইল পড়ে থাকে না। তিনি দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন। সৎ কর্মকর্তা হিসেবেও তার সুনাম রয়েছে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী, বেতনভুক্ত, দক্ষ ও পেশাদার কর্মচারীদের দিয়ে পরিচালিত শাসনব্যবস্থা, যারা সরকারি নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে।
আমলারা তাদের কাজের জন্য সরাসরি জনগণের নিকট দায়ী না থাকায় এবং কঠোর নিয়মকানুন অনুসরণ করায় অনেক সময় জনবিচ্ছিন্ন হয়ে পড়েন।
আমলারা সাধারণত লোকচক্ষুর অন্তরালে থেকে দাপ্তরিক কাজ পরিচালনা করেন এবং তারা নির্দিষ্ট বিধিবিধান ও লালফিতার দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারেন না। এছাড়া তাদের কাজের জন্য কোনো সরাসরি রাজনৈতিক জবাবদিহিতা না থাকায় তারা নিজেদের সাধারণ জনগণের চেয়ে আলাদা বা উচ্চতর স্তরের মনে করেন, যা তাদের জনবিচ্ছিন্ন করে তোলে।
জাউদ্দীপকের রাকিব একজন আদর্শ, জনসেবামুখী এবং দক্ষ আমলা।
আমলাতন্ত্র হলো রাষ্ট্রের স্থায়ী ও বেতনভুক্ত কর্মকর্তাদের সংগঠন। একজন আদর্শ আমলার প্রধান বৈশিষ্ট্য হলো সততা, দক্ষতা, নিরপেক্ষতা এবং জনসেবার মানসিকতা। বাংলাদেশের সংবিধানের ২১ (২) নং অনুচ্ছেদ অনুযায়ী, "সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।” অর্থাৎ আমলারা জনগণের প্রভু নন, বরং তারা প্রজাতন্ত্রের সেবক হিসেবে রাষ্ট্রের উন্নয়ন ও প্রশাসনিক কাজে নিয়োজিত থাকেন।
উদ্দীপকের রাকিব একজন আমলা হওয়ায় তিনি নিজেকে জনগণের প্রভু ভাবেন না, বরং সেবক বা প্রজাতন্ত্রের অনুগত কর্মকর্তা মনে করেন। তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এবং তার টেবিলে কোনো ফাইল আটকে থাকে না। তিনি দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করেন এবং একজন সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত। আমলাতন্ত্রের নেতিবাচক দিক যেমন লালফিতার দৌরাত্ম্য বা দীর্ঘসূত্রিতা তার মধ্যে নেই। সুতরাং বলা যায় যে, রাকিবের এই জনকল্যাণমুখী ও কর্মঠ আচরণ তাকে একজন আদর্শ ও জনবান্ধব আমলা হিসেবে চিহ্নিত করে।
"আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় আমলাতন্ত্র একটি অপরিহার্য অঙ্গ"-উক্তিটি যথার্থ এবং অনস্বীকার্য।
আমলাতন্ত্র আধুনিক রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর মেরুদণ্ড। সরকার পরিবর্তিত হলেও আমলারা স্থায়ীভাবে কাজ করে যান এবং রাষ্ট্রের প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষা করেন। তারা সরকারের নীতি নির্ধারণে রাজনৈতিক নেতৃত্বকে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে সাহায্য করেন এবং সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন। দক্ষ ও প্রশিক্ষিত আমলা ছাড়া রাষ্ট্রের কোনো উন্নয়ন কর্মকাণ্ড বা প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব।
উদ্দীপকের রাকিবের মতো দক্ষ ও সৎ আমলারা প্রশাসনিক কাজে গতিশীলতা আনেন। তিনি দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করেন এবং জনসেবাকে প্রাধান্য দেন। একটি দেশের রাজনৈতিক নেতৃত্ব নীতি প্রণয়ন করলেও তা বাস্তবায়নের মূল দায়িত্ব থাকে আমলাদের ওপর। রাকিবের মতো কর্মকর্তাদের মাধ্যমেই সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য সফল হয় এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে যায়। আমলাতন্ত্রের মাধ্যমেই রাষ্ট্রের আইন ও শৃঙ্খলা সংরক্ষিত হয়।
পরিশেষে বলা যায়, আমলাতন্ত্র ছাড়া কোনো দেশের পক্ষেই সরকার পরিচালনা করা সম্ভব নয়। আমলারা সরকারের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আইন প্রয়োগ ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখেন। জবাবদিহিতামূলক ও জনবান্ধব আমলাতন্ত্রই সুশাসন ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। তাই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমলাতন্ত্রের গুরুত্ব অপরিসীম এবং এটি উন্নয়নের প্রধান ধারক ও বাহক হিসেবে কাজ করে।