বিথী অণুবীক্ষণ যন্ত্রে দুইটি কোষ অঙ্গাণু পর্যবেক্ষণ করলো। এর মধ্যে প্রথমটি বংশগতীয় উপাদান বহনকারী গোলাকার অঙ্গাণু এবং দ্বিতীয়টি গ্রানামচক্র বহনকারী অঙ্গাণু।
যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিও বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত থাকে তাকে প্রকৃত কোষ বলে।
লাইসোজোম কোষ অঙ্গাণুটি অন্যান্য কোষীয় অঙ্গাণুর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে লাইসোজোম। লাইসোজোম জীবাণু ভক্ষণের মাধ্যমে জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। একটি পর্দা দ্বারা এর পরিপাক করার উৎসেচক বা এনজাইম আলাদা করা থাকে। তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না। কিন্তু যদি দেহের অক্সিজেনের অভাব বা যেকোনো কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আশেপাশের কোষীয় অঙ্গাণু নষ্ট হয়ে যায়। এমনকি এর প্রভাবে মারাও যেতে পারে।
উদ্দীপকের প্রথম অঙ্গাণুটি হচ্ছে নিউক্লিয়াস। এর মধ্যে বংশগতীয় উপাদান বহনকারী অংশে ক্রোমোজোম বিদ্যামান। নিচের ক্রোমোজোমের গঠন ব্যাখ্যা করা হলো-
ক্রেমোজোম নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে বিস্তৃত এবং সূত্রাকার ক্রোমাটিন দ্বারা গঠিত। মানুষের ক্রোমোজোম ডিপ্লয়েড অর্থাৎ দুই সেট ক্রোমোজোম একত্রে অবস্থান করে। ক্রোমোজোমের দৈর্ঘ্য সাধারণত ৩.৫ থেকে ৩০.০ মাইক্রন এবং প্রস্থ ০.২ থেকে ২.০ মাইক্রন পর্যন্ত হয়। ক্রোমোজোমে একটি বাহু, গৌণকুঞ্চন, সেন্ট্রোমিয়ার, ক্রোমোনেমাটা এবং ধাত্র থাকে। আর ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাসের যে অংশ লাগানো থাকে তার ঐ অংশটিকে বলা হয় স্যাটেলাইট। এর প্রান্তে টেলোমিয়ার থাকে। ক্রোমোজোমের প্রধান উপাদান হলো DNA |
উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট।
পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অঙ্গাণুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোষে ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যা উদ্ভিদের খদ্যের চাহিদা পূরণ করে থাকে। আবার প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই প্রাণিজগৎও তার খাদ্যের জন্য সম্পূর্ণরূপে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। সুতরাং, দ্বিতীয় অঙ্গাণুটি জীবের তথা উদ্ভিদ ও প্রাণীর খাদ্য সরবরাহে মুখ্য ভূমিকা পালনের মাধ্যমে পরিবেশ তাদের সাম্যতা বজায় রেখে চলেছে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট তথা ক্লোরোফিলের উপস্থিতিতে পরিবেশ থেকে CO₂ শোষিত হয় এবং O₂ নির্গত হয়। উদ্ভিদের সবুজ অংশ প্রাণিকুলের জন্য ক্ষতিকারক CO₂ শোষণ করে এবং সকল জীবের শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় O₂ সরবরাহ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
তাই আলোচনা থেকে বলা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটি অর্থাৎ ক্লোরোপ্লাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
