| ㅤ | A. Nayan29 Oct 2026 (2 hours ago) |
সৃজনশীলঃ ‘দৃষ্টান্ত-১:সকল ফুল হয়…’ রাজশাহী বোর্ড ২০২১ – অনুমান, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ১ম পত্র (এইচএসসি)

দৃষ্টান্ত-১:
সকল ফুল হয় সুন্দর।
শাপলা হয় ফুল।
সুতরাং শাপলা হয় সুন্দর ।
দৃষ্টান্ত-২:
শাপলা হয় সুন্দর।
গোলাপ হয় সুন্দর।
জবা হয় সুন্দর।
সুতরাং সকল ফুল হয় সুন্দর ।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
অনুমান দুই প্রকার। যথা- অবরোহ অনুমান এবং আরোহ অনুমান ।
ভাষায় প্রকাশ করা যায় না বলে সকল অনুমান যুক্তি নয় ।
আমরা কয়েকটি মানসিক বাক্য বা অবধারণকে মনে মনে সংযুক্ত করে যেভাবে চিন্তা করি সেটাই হচ্ছে অনুমান। ভাষার মাধ্যমে প্রকাশিত হবার আগে একটি অনুমান মনের মধ্যেই গঠিত হয়। যেহেতু মানসিক রূপকে যুক্তিবিদ্যার বিচারাধীনে আনা সম্ভব নয়, সেহেতু শুধু অনুমানের ভাষাগত প্রকাশিত রূপই যুক্তিবিদ্যায় আলোচনা করা হয়। তাই বলা হয়, সব অনুমান যুক্তি নয় ।
উদ্দীপকে প্রদর্শিত দৃষ্টান্ত-১ অবরোহ অনুমানের প্রকাশ ঘটেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে কোনোক্রমেই বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। এ অনুমানে আমরা অধিকতর ব্যাপক ধারণা থেকে কম ব্যাপক ধারণা বা বিশেষ ধারণার দিকে অগ্রসর হই। প্রদর্শিত দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে, সকল ফুল হয় সুন্দর। শাপলা হয় ফুল। অতএব, শাপলা হয় সুন্দর। এ অনুমানটিতে সকল ফুল সুন্দর এ ধারণা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, শাপলা হয় সুন্দর। অর্থাৎ এখানে সার্বিক আশ্রয়বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তাই বলা যায় যে, উদ্দীপকে প্রদর্শিত দৃষ্টান্ত-১ অবরোহ অনুমানের প্রকাশ ঘটেছে।
দৃষ্টান্ত-১ এ অবরোহ অনুমান এবং দৃষ্টান্ত-২ আরোহ অনুমানের প্রকাশ ঘটেছে। নিচে উভয় অনুমানের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো—
অবরোহ অনুমান হচ্ছে সকল থেকে কিছুতে গমনের প্রক্রিয়া। এতে একটি 'প্রতিষ্ঠিত সার্বিক ধারণা থেকে শুরু করে একটি বিশেষ ধারণায় উপনিত হতে হয়। তাই এই অনুমানের গতি নিম্নমুখী। কিন্তু আরোহ অনুমান হচ্ছে কিছু থেকে সকলে গমনের প্রক্রিয়া। এতে কোনো শ্রেণির কতিপয় বিশিষ্ট দৃষ্টান্তের অভিজ্ঞতা থেকে সার্বিক ধারণায় উপনিত হতে হয়। এ কারণে আরোহ অনুমানের প্রকৃতি ঊর্ধ্বগামী।
অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। অপরপক্ষে, আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। আবার অবরোই অনুমানের লক্ষ্য হলো আকারগত সভ্যতা অর্জন করা। কিন্তু আরোহ অনুমানের লক্ষ্য আকারগত ও বস্তুগত উভয় সত্যতা অর্জন করা।
তাই বলা যায় যে, দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এ পরিলক্ষিত অবরোহ অনুমান ও আরোহ অনুমান দুটি পরস্পর থেকে ভিন্ন।