| ㅤ | A. Nayan19 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘জাফর আলী একজন…’ ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৫ – ইসলাম ও সমাজজীবন, ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা ১ম পত্র (এইচএসসি)

জাফর আলী একজন সৎ ও দরিদ্র কৃষক। তার একটি গাভী আছে। তিনি দুধ বিক্রি করে কোনো রকমে সংসার পরিচালনা করেন। তার সংসারে অভাব-অনটন লেগেই থাকে। এতে তার স্ত্রী জামিলা মাঝে মধ্যে বিরক্ত হয়ে অতিরিক্ত আয়ের জন্য দুধে পানি মিশিয়ে ও ওজনে কম দিয়ে বিক্রি করতে বলে। কিন্তু তিনি স্ত্রীকে বুঝিয়ে বলেন, মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব নয়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
সিদক শব্দের অর্থ সত্যবাদিতা।
দেশপ্রেম বলতে মাতৃভূমির জন্য মানুষের সহজাত ও স্বভাবজাত ভালোবাসাকে বোঝানো হয়। অর্থাৎ জন্মভূমির প্রতি, মাতৃভূমির প্রতি, শৈশবের লীলাভূমির প্রতি মানুষের আকর্ষণ বা ভালোবাসাই হলো দেশপ্রেম। দেশ সেবা করার মাধ্যমে দেশপ্রেমের বহিঃপ্রকাশ করা যায়। দেশ সেবা মানে হলো দেশের মানুষের সেবা করা। যেমন-ডাক্তার আন্তরিকভাবে রোগীর চিকিৎসা করবে। কর্মকর্তারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, প্রকৌশলী সঠিকভাবে নির্মাণকাজে সাহায্য করবে। কোনো প্রকার প্রতারণা ও দুর্নীতির আশ্রয় নেবে না। দেশের দুযোর্গকালে সবাই সাধ্যমত সাহায্য করবে। দেশ শত্রু কর্তৃক আক্রান্ত হলে তাদের রুখতে যুদ্ধ করতে হবে। এসবই দেশপ্রেম।
উদ্দীপকে জামিলার চরিত্রের মধ্যে প্রতারণার বহিঃপ্রকাশ ঘটেছে। ইসলামের দৃষ্টিতে প্রতারণা অত্যন্ত ঘৃণিত ও গর্হিত কাজ। মহানবি (সা.) বলেন- مَنْ غَشَ فَلَيْسَ مِنَا অর্থাৎ “যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের (মুসলমানদের) সমাজভুক্ত নয়।" (মুসলিম) ইসলাম সত্যের সাথে মিথ্যার মিশ্রণকে সমর্থন করে না। তাই আল্লাহ ঘোষণা করেছেন- وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَانْتُمْ تَعْلَمُونَ অর্থাৎ “তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিও না এবং জেনেশুনে সত্য গোপন করো না।" (সূরা বাকারা: ৪২) ব্যবসা-বাণিজ্যে প্রতারণা করলে তার ওপর আল্লাহর অবিরাম ঘৃণা ও ফেরেশতাদের অবিরাম অভিশাপ বর্ষিত হতে থাকবে। এ সম্বন্ধে মহানবি (সা.) বলেছেন, “যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি করে, ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি সর্বদা আল্লাহর ঘৃণার মধ্যে থাকবে এবং ফেরেশতারা সর্বদা তাকে অভিশাপ দিতে থাকবে।” (ইবনে মাজাহ)
দুধে পানি মেশানো, ওজনে কম দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, কম দামের জিনিস বেশি দামের জিনিসের সাথে মিশিয়ে বিক্রি করা, মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া ইত্যাদি প্রতারণার বৈশিষ্ট্য। যার মধ্যে এসব রয়েছে তাকে বলা হয় প্রতারক। এটি একটি মারাত্মক চারিত্রিক দোষ, যা জামিলার চরিত্রে বিদ্যমান।
উদ্দীপকে জাফর আলীর তাকওয়া প্রকাশ পেয়েছে। তার ব্যক্তি জীবনে তাকওয়ার প্রভাব অপরিসীম।
তাকওয়া বলতে বোঝায় আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায়, অনাচার, পাপাচার বর্জন করে কুরআন ও সুন্নাহর নির্দেশমতো পূতপবিত্র জীবনযাপন করা। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে মুত্তাকি বলা হয়। তাকওয়া মানুষকে ইহকালীন, পরকালীন উভয় জীবনকেই সম্মান, মর্যাদা ও সফলভা দান করে। তাকওয়া এমন এক শক্তি যার সাহায্যে মানুষ সত্য ও ন্যায়ের পথে অটল ও অবিচল থাকে। শত বাধা-বিপত্তি ও প্রলোভন তাকে বিচলিত ও বিচ্যুত করতে পারে না। যার মধ্যে সত্য ও ন্যায়ের পথে চলার দৃঢ়তা ও অবিচলতা বিদ্যমান তিনিই প্রকৃতপক্ষে চরিত্রবান। ইসলামের জীবনদর্শনে তাকওয়াই সকল সগুণের মূল। যার অন্তরে তাকওয়া আছে, সে সর্বত্রই আল্লাহ তায়ালার উপস্থিতি অনুভব করে। আর যে আল্লাহ তায়ালাকে হাজির নাজির জানে সে পাপ কাজ করতে পারে না।
তাকওয়া না থাকলে, মানুষের পার্থিব জীবনে অশান্তি ও পারলৌকিক জীবনে ব্যর্থতা ও শাস্তি ভোগ করতে হবে। ব্যক্তি চরিত্র গঠনে তাকওয়ার বিকল্প নেই। যে মুমিনের হৃদয়ে তাকওয়া আছে সে কোনো অবস্থায়ই প্রলোভনে পড়ে না। নির্জন থেকে নির্জনতর স্থানেও পাপ কাজে লিপ্ত হয় না। কারণ সে জানে সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহকে যথাযথভাবে ভয় না করলে ইমানের পূর্ণতা আসে না, তাই ইমানের পূর্ণতা আনার জন্য তাকওয়া অপরিহার্য।
তাই বলা যায়, উদ্দীপকে জাফর আলীর মন্তব্যে তাকওয়া প্রকাশ পেয়েছে। আর ব্যক্তি জীবনে তাকওয়ার প্রভাব অপরিসীম।