| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘জীবে দুই ধরনের…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৬ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

জীবে দুই ধরনের কোষ বিভাজন সংঘটিত হয়। একটি দেহকোষে ও অপরটি জনন মাতৃকোষে ঘটে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
দুটি হোমোলোগাস ক্রোমোসোমের জোড় বাঁধার প্রক্রিয়াই হলো সিন্যাপসিস।
স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। এ পর্যায়ে ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট দেখা যায়। এই পর্যায়ে কোষে ক্রোমোসোমের সংখ্যা, আকার-আকৃতি নির্ণয় করা যায়। মেটাফেজ পর্যায়ের শেষ অগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে।
উদ্দীপকের শেষের লাইনে উল্লেখিত কোষ বিভাজনটি হলো মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া যা জীবের জনন মাতৃকোষের ঘটে। মিয়োসিস-১ এর প্রোফেজ-১ এর পাঁচটি উপধাপের মধ্যে প্রথম তিনটি উপধাপ হলো লেন্টোটিন, জাইগোটিন এবং প্যাকাইটিক। নিচে এই উপধাপগুলোর চিত্রসহ বর্ণনা দেওয়া হলো-
লেপ্টোটিন: এই উপ-ধাপের শুরুতে নিউক্লিয়াসের আকার বড়ো হয়, পানি বিয়োজন ঘটে ফলে ক্রোমোসোমগুলো সংকুচিত হয়ে খাটো হয়। এর ফলে ক্রোমোসোমগুলো রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয় এবং আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায়। ক্রোমোসোমের গায়ে অসংখ্য ক্রোমোমিয়ার দেখা যায়। নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাস দেখা যায়।
জাইগোটিন: এই উপধাপে সমসংস্থ ক্রোমোসোমগুলো জোড় বাঁধে, জোড় বাঁধার এই প্রক্রিয়াকে সিন্যাপসিস বলে। প্রতিটি জোড় বাঁধা ক্রোমোসোম জোড়াকে বাইভ্যালেন্ট বলে। নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাস তখনও অবিকৃত থাকে।
প্যাকাইটিন: এই উপধাপে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করে। এ অবস্থাকে টেট্রাড বলে। এই অবস্থায় দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে কায়াজমা সৃষ্টি হয় এবং অংশের বিনিময়ের মাধ্যমে ক্রসিংওভার ঘটে। ক্রোমোসোমগুলো আরো মোটা ও খাটো হয়। নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাস অবিকৃত থাকে।
উদ্দীপকে উল্লেখিত কোষ বিভাজন দুটি হলো যথাক্রমে মাইটোসিস যা জীবের দেহকোষে ঘটে এবং মিয়োসিস যা জীবের জনন মাতৃকোষে ঘটে। নিচে মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো-
১. মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে সংঘটিত হয়। ফলে দেহের বৃদ্ধি ঘটে। অপরদিকে মিয়োসিস কোষ বিভাজন জীবের জনন মাতৃকোষে সংঘটিত হয় এবং গ্যামেট তৈরি হয়।
২. মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। অপরদিকে মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে।
৩. মাইটোসিস কোষ বিভাজনে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান। কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক।
৪. মাইটোসিস কোষ বিভাজনে কোনো বাইভেলেন্ট তৈরি হয় না। কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে বাইভেলেন্ট তৈরি হয়।
৫. মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার করে বিভাজিত হয়। অপরদিকে মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোসোম একবার বিভাজিত হয়।
৬. মাইটোসিসে ক্রসিং ওভার ঘটে না। ফলে জিনের সজ্জাবিন্যাসের কোনো পরিবর্তন ঘটে না। অপরদিকে মিয়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। ফলে জিনের সজ্জাবিন্যাসের পরিবর্তন ঘটে।
৭. বিবর্তন ও জনুক্রমের সাথে মাইটোসিসের কোনো সম্পর্ক নেই। অপরদিকে জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সূচনা হয়, যা বিবর্তন ও জনুক্রমের পথকে সুগম করে।