| ㅤ | A. Nayan16 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘জনাব জহির আসন্ন…’ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ২০২৬ – নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)

জনাব জহির আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। তিনি নির্বাচনি এলাকাতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে, জনাব আশিক রাষ্ট্রীয় আইন মেনে চলেন, নির্বাচনে যোগ্যপ্রার্থীকে নির্বাচিত করেন এবং নিয়মিত কর প্রদান করেন।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
কোনো রাজনৈতিক দল বা সংগঠনের ভেতরে মতবিরোধের কারণে গঠিত পৃথক ও স্বতন্ত্র গোষ্ঠীকেই উপদল বলা হয়।
স্বচ্ছতা বলতে সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং কার্যক্রম জনগণের কাছে উন্মুক্ত থাকাকে বোঝায়। স্বচ্ছতা নিশ্চিত হলে তথ্যের অবাধ প্রবাহ তৈরি হয়, যা দুর্নীতির সুযোগ কমিয়ে দেয় এবং সুশাসনকে গতিশীল করে। যখন প্রশাসনের কাজ স্বচ্ছ হয়, তখন নাগরিকগণ সরকারের প্রকল্প ও বাজেট সম্পর্কে জানতে পারে এবং রাষ্ট্রীয় কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। এর ফলে প্রশাসনের জবাবদিহিতা বৃদ্ধি পায় এবং সুশাসন নিশ্চিত হয়।
উদ্দীপকের জনাব জহির 'রাজনৈতিক অধিকার' ভোগ করছেন বলে আমি মনে করি।
রাজনীতি পরিচালনা, এবং শাসনকার্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলা হয়। জনাব জহির আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন এবং প্রচারণা চালাচ্ছেন, যা তার রাজনৈতিক অধিকারেরই বহিঃপ্রকাশ।
প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের স্থানীয় ও জাতীয় পর্যায়ের যেকোনো নির্বাচিত পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার বা নির্বাচিত হওয়ার অধিকার রয়েছে। জনাব জহির একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই সুযোগ গ্রহণ করছেন। মূলত এ ধরনের অধিকার নাগরিকের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে এবং গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি মজবুত করে।
উদ্দীপকের জনাব জহির ও আশিকের কার্যক্রমের মাধ্যমে মূলত অধিকার ও কর্তব্যের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক ফুটে উঠেছে।
অধিকার ও কর্তব্য একই মুদ্রার এপিঠ-ওপিঠ এবং তারা একে অপরের পরিপূরক। জনাব জহির নির্বাচনে প্রার্থী হয়ে তার 'রাজনৈতিক অধিকার’ ভোগ করছেন। অন্যদিকে, জনাব আশিক রাষ্ট্রীয় আইন মেনে চলা, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া এবং কর প্রদান করার মাধ্যমে তার 'আইনগত কর্তব্য' পালন করছেন।
অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল। একজনের অধিকার অন্যজনের কর্তব্যের ওপর নির্ভরশীল। অধিকার ভোগ এবং কর্তব্যের সঠিক প্রতিফলনই একজন ব্যক্তিকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। জনাব আশিক যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে এবং কর দিয়ে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব পালন করছেন, যা জহিরের মতো প্রার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে। অধিকার ও কর্তব্য উভয়ই সমাজবোধ থেকে উদ্ভূত এবং উভয়ের লক্ষ্যই হলো সামাজিক কল্যাণ নিশ্চিত করা।
পরিশেষে বলা যায়, জনাব জহির যদি শুধু অধিকার ভোগ করেন এবং আশিক যদি তার কর্তব্য পালন না করেন, তবে রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে পড়বে। কার্ল মার্কসের মতে, 'কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই এবং অধিকার ছাড়া কোনো কর্তব্য নেই'। তাই তাদের কার্যক্রম একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য অবিচ্ছেদ্য।