| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মুহিন স্যার ব্যবহারিক…’ ঢাকা কলেজ ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

মুহিন স্যার ব্যবহারিক ক্লাসে ছাত্রদের দুই প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য দেখালেন। প্রথম প্রকার উদ্ভিদের বীজ অনাবৃত অবস্থায় থাকে এবং দ্বিতীয় প্রকার উদ্ভিদের বীজ আবৃত থাকে। ছাত্ররা ক্লাসে উভয় উদ্ভিদের মধ্যে মিল ও অমিল লক্ষ্য করলো।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
পুষ্পের লিঙ্গ, বিভিন্ন স্তবক, প্রত্যেক স্তবকের সদস্য সংখ্যা ও অবস্থান, তাদের সম ও অসম সংযুক্তি, মঞ্জরীপত্রের উপস্থিতি ও অনুপস্থিতি প্রভৃতি তথ্য যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাই পুষ্প সংকেত।
বর্তমানে জীবন্ত কোনো উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ প্রাগৈতিহাসিক যুগে বিদ্যমান উদ্ভিদ তথা বর্তমানে জীবাশ্মে পরিণত হয়েছে এমন উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ হলে বর্তমানে জীবন্ত উদ্ভদটিই। হলো জীবন্ত জীবাশ্ম। Cycas উদ্ভিদটি যে Cycadales বর্গের অন্তর্গত তাদের অধিকাংশ উদ্ভিদই বিলুপ্ত হয়ে গেছে। এদেরকে এখন শুধু জীবাশ্ম হিসেবে পাওয়া যায়। এ বর্গের Cycas উদ্ভিদটি এখনও বেঁচে আছে। এজন্যই, Cycas কে জীবন্ত জীবাশ্ম বলা হয়।
উদ্দীপকের ২য় উদ্ভিদ গোষ্ঠী হলো আবৃতবীজী উদ্ভিদ। নিচে আবৃতবীজী উদ্ভিদ গোষ্ঠীর শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-
১. উদ্ভিদ স্পোরোফাইটিক, সপুষ্পক, স্বভোজী এবং অসমরেণু প্রসূ।
২. দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। দেহ নরম বা শক্ত, কাষ্ঠল বা অকাষ্ঠল, চিরসবুজ হয়।
৩. ফল সৃষ্টি হয় এবং বীজ ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে।
৪. গর্ভাশয়ের ভিতরে ডিম্বক সৃষ্টি হয়।
৫. ভাস্কুলার টিস্যু আছে। জাইলেম টিস্যুতে প্রকৃত ভেসেল এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ বিদ্যমান ।
৬. পরাগরেণু ফ্ল্যাজেলাবিহীন।
উদ্দীপকে উল্লিখিত ১ম উদ্ভিদটি হলো নগ্নবীজী উদ্ভিদ। নিচে নগ্নবীজী উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো- পৃথিবীতে নগ্নবীজী উদ্ভিদের ৮৩টি গণ ও ৭২১টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। বর্তমানে এদের মধ্যে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে তার মধ্যে কিছু প্রজাতি এখনও পৃথিবীর বুকে টিকে আছে। তাদের মধ্যে Cycas, Pinus, Gnetum, Ephedra ইত্যাদি উল্লেখযোগ্য অর্থনৈতিক দিক দিয়ে এরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Cycas কে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে প্রায় সব বাগানেই লাগানো হয়। এর পাতা ঘর সাজানোর কাজে এবং বিভিন্ন অনুষ্ঠানে গেট সাজানোর কাজে ব্যবহার করা হয়। Cycas এর পাতা দিয়ে সুন্দর মাদুর তৈরি করা হয়। ফুলের ডালি ও তোরণ সাজাতেও Cycas এর কচি পাতা ব্যবহৃত হয়ে থাকে। Cycas circinalis এর স্ফীতকন্দ ও বীজ হতে এক প্রকার এরারুট (বার্লি) প্রস্তুত করা হয়। Cycas revoluta এর বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। Cycas pectinata উদ্ভিদের কচিপাতা সবজি হিসেবে খাওয়া হয়। কোনো কোনো প্রজাতির বীজ হতে সাগু ও কাণ্ডের মজ্জা হতে মদ তৈরি করা হয়। Cycas circinalis প্রজাতির কচি পাতা পাকস্থলীর পীড়া ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। Cycas এর মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্র “সর্পমণি" নামে সর্পরোগসহ সর্বরোগের ওষুধ হিসেবে বিক্রি করা হয়। আসলে এর কোনো উল্লেখযোগ্য ঔষধি গুণ নেই। Pinus এর পুংস্ট্রোবিলাস ও স্ত্রীস্ট্রোবিলাস দিয়ে বিভিন্ন রকমের ইকোবানা তৈরি করা হয়। Ephedra নামক উদ্ভিদ থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন প্রস্তুত করা হয়।