| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘রুমার রক্তের গ্রুপ…’ হলিক্রস কলেজ ২০২৪ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

রুমার রক্তের গ্রুপ AB এবং তার স্বামীর রক্তের গ্রুপ A। তবে স্বামীর Rh ফ্যাক্টর ধনাত্মক এবং রুমার Rh ফ্যাক্টর ঋণাত্মক।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঞ্চলে রক্ত প্রবাহিত হওয়ার সময় প্রবাহমান রক্ত ধমনির স্থিতিস্থাপক প্রাচীরে যে পার্শ্বীয় চাপের সৃষ্টি করে তাই রক্তচাপ।
দেহের কোনো স্থান কেটে গেলে ক্ষতস্থান থেকে নির্গত রক্তের অণুচক্রিকা বাতাসের সংস্পর্শে ভেঙে থ্রম্বোপ্লাস্টিন নামক প্লাজমাপ্রোটিন তৈরি করে। ইহা রক্তরসে উপস্থিত প্রোথ্রম্বিন নামক গ্লাইকোপ্রোটিনের ক্রিয়া করে থ্রম্বিন এনজাইম তৈরি করে। এই এনজাইম ফাইব্রিনোজেন নামক দ্রবণীয় প্লাজমাপ্রোটিনের সাথে মিলে অদ্রবণীয় ফাইব্রিন প্রোটিন সূত্র সৃষ্টি করে। এই সূত্র জালকের আকার ধারণ করে লোহিত রক্তকণিকাগুলো আটকে দেয় এবং রক্ত জমাট বেঁধে যায়।
উদ্দীপকের দম্পতির মধ্যে স্বামীর রক্তের গ্রুপ A এবং রুমার রক্তের গ্রুপ হলো AB। নিচে A ও AB রক্তগ্রুপের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-
A রক্তগ্রুপের বৈশিষ্ট্য:
i. A রক্তগ্রুপে A অ্যান্টিজেন থাকে।
ii. A রক্তগ্রুপে b অ্যান্টিবডি পাওয়া যায়।
iii. A রক্তগ্রুপের ব্যক্তি A ও AB রক্তগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে।
iv. রক্তগ্রহণের ক্ষেত্রে A রক্তগ্রুপের ব্যক্তির A ও O রক্তগ্রুপের ব্যক্তির শরণাপন্ন হতে হয়।
AB রক্তগ্রুপের বৈশিষ্ট্য:
i. AB রক্তগ্রুপে A ও B অ্যান্টিজেন থাকে।
ii. AB রক্তগ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না।
iii. AB রক্তগ্রুপের ব্যক্তি শুধু AB রক্তগ্রুপের ব্যক্তিকেই রক্ত দিতে পারবে।
iv. AB রক্তগ্রুপের ব্যক্তি সকল গ্রুপের রক্তই গ্রহণ করতে পারে।
উদ্দীপকের দম্পতির মধ্যে স্বামীর Rh ফ্যাক্টর ধনাত্মক এবং রুমার Rh ফ্যাক্টর ঋণাত্মক।
সন্তানসম্ভবা মহিলাদের ক্ষেত্রে এই Rh ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকের দম্পতির প্রথম সন্তান হবে Rh ধনাত্মক। কারণ Rh (ধনাত্মক) একটি প্রকট বৈশিষ্ট্য। ভ্রূণ অবস্থায় সন্তানের Rh ফ্যাক্টরযুক্ত লোহিত কণিকা অমরার মাধ্যমে মায়ের রক্তে এসে পৌঁছাবে, ফলে মায়ের রক্ত Rh- (ঋণাত্মক) হওয়ায় তার রক্তরসে অ্যান্টি Rh ফ্যাক্টর উৎপন্ন হবে। অ্যান্টি Rh ফ্যাক্টর মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে ভ্রূণের রক্তে প্রবেশ করলে ভ্রূণের লোহিত কণিকাকে ধ্বংস করে, ভ্রূণও বিনষ্ট হয় এবং গর্ভপাত ঘটে। এ অবস্থায় শিশু জীবিত থাকলেও তার দেহে প্রচণ্ড রক্তাল্পতা এবং জন্মের পর জন্ডিস রোগ দেখা দেয়। যেহেতু Rh বিরোধী অ্যান্টিবডি মাতৃদেহে খুব ধীরে উৎপন্ন হয় তাই প্রথম সন্তানের কোনো ক্ষতি হবে না এবং সুস্থই জন্মাবে। কিন্তু পরবর্তী গর্ভধারণ থেকে বিপত্তি শুরু হবে। দ্বিতীয়বার গর্ভধারণের ক্ষেত্রে Rh+ সন্তান ধারণকালে পূর্বে উৎপাদিত মায়ের রক্তে অ্যান্টি Rh ফ্যাক্টর অমরার মাধ্যমে ভ্রূণে প্রবেশ করে ভ্রূণের লোহিত রক্তকণিকাকে ধ্বংস করবে। এতে ভ্রূণ বা সদ্যোজাত শিশুর মৃত্যু ঘটবে।
সুতরাং উপযুক্ত বিশ্লেষণ থেকে বলা যায়, উদ্দীপকের দম্পতিদের প্রথম সন্তান সুস্থ ও স্বাভাবিক হলেও দ্বিতীয় বা তার পরবর্তী সন্তানদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ বা নেই বললেই চলে ।