| ㅤ | A. Nayan20 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘শামীম ও ওসমান…’ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৪ – ব্যাখ্যা, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ২য় পত্র (এইচএসসি)

শামীম ও ওসমান একটি বিষয় নিয়ে আলোচনা করছে। শামীম বলল, ভাগ্যগুণেই আমাদের নৌকাটি দ্রুত নদী পার করে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দিয়েছে। ওসমান তখন বলল, না বরং নৌকাটি দ্রুত চলার কারণ হচ্ছে নদীর স্রোত ও বাতাসের বেগ তখন আমাদের অনুকূলে ছিল, তাছাড়া আমাদের মাঝিও ছিল অভিজ্ঞ। এ কারণেই মূলত আমরা তাড়াতাড়ি নদী পার হই।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৬
কোনো জটিল বা দুর্বোধ্য বিষয়কে সহজ-সরলভাবে উপস্থাপন করার প্রক্রিয়াকে ব্যাখ্যা বলে।
মনের মৌলিক অনুভূতি হওয়ায় সুখ-দুঃখ, আনন্দ বেদনার ব্যাখ্যা দেওয়া যায় না।
কিছু মৌলিক অনুভূতি আছে। যেমন- সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি। এদের একটির সাথে অপরটির কোনো সাদৃশ্য নেই। পাশাপাশি একটিকে অপরটির সাথে সংযুক্ত করা যায় না। এ কারণেই মনের মৌলিক অনুভূতির ব্যাখ্যা করা অসম্ভব।
ওসমানের ব্যাখ্যায় বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপের প্রতিফলন ঘটেছে।
কয়েকটি কারণ মিলিতভাবে কাজ করার ফলে একটি মিশ্র কার্য উৎপন্ন হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় এরূপ মিশ্র কার্যের কারণগুলোকে আলাদা করে দেখানো হয়। এভাবে কোনো ঘটনার মিশ্র কার্য ব্যাখ্যার প্রক্রিয়াকেই বলে বিশ্লেষণ। এক্ষেত্রে মিশ্র কার্য হলো কতগুলো স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টার ফল। বিশ্লেষণে মিশ্র কার্যের কারণগুলো পৃথক পৃথকভাবে দেখানো হয়। বিশ্লেষণের দৃষ্টান্ত লক্ষ করা যায় উদ্দীপকের ওসমানের ব্যাখ্যায়।
উদ্দীপকের ওসমান নৌকা দ্রুত চলা নামক জটিল ঘটনার কারণ হিসেবে নদীর স্রোত, বাতাসের বেগ ও মাঝির অভিজ্ঞতার ভূমিকা উল্লেখ করে। অর্থাৎ ওসমান এখানে বিশ্লেষণের মাধ্যমে সুস্পষ্ট করে যে নৌকা দ্রুত চলা নামক জটিল ঘটনা হলো কতগুলো স্বতন্ত্র কারণের মিলিত ফল। তাই বলা যায়, ওসমানের ব্যাখ্যায় বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপটি দৃশ্যমান।
শামীম ও ওসমানের ব্যাখ্যা যথাক্রমে লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা হওয়ায় উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান।
উদ্দীপকের শামীমের বর্ণিত ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে নৌকাটির দ্রুত নদী পার হওয়া ঘটনাটি ব্যাখ্যা করা হয়েছে বলে এটি লৌকিক ব্যাখ্যা। এরূপ ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। লৌকিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্তিকরণ করা হয় না। এ ধরনের ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক কারণ ও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস প্রতিফলিত হয়ে থাকে। যেহেতু বিভিন্ন ব্যক্তির বিশ্বাস বিভিন্ন রকম, তাই লৌকিক ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এ কারণে সবার কাছে লৌকিক ব্যাখ্যার সমান গুরুত্ব নেই।
অন্যদিকে, ওসমানের বর্ণিত ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে নৌকাটির দ্রুত নদী পার হওয়া ঘটনাটির ব্যাখ্যা প্রদান করা হয়েছে বলে এটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। এরূপ ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে ঘটনার প্রসঙ্গিক বিবৃতি দেওয়া হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় বলে এ ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে সবসময় একইরকম হয়ে থাকে। তাই সর্বত্রই বৈজ্ঞানিক ব্যাখ্যার গুরুত্ব রয়েছে।
আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকে শামীম ও ওসমানের ব্যাখ্যায় লৌকিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যার উল্লেখ থাকায় উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।